আজ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার জনসভা

মুন্সীগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিতে আজ বুধবার বেলা দেড় টায় গুলশানের বাসা থেকে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সারাদেশে গুম-খুন ও অপহরণের প্রতিবাদে বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জের লঞ্চঘাট এলাকায় সমাবেশ করবেন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গুলশানের বাসভবন থেকে নয়াপল্টন, যাত্রাবাড়ী হয়ে মুন্সীগঞ্জের দিকে যাবে খালেদা জিয়ার গাড়ি বহর। মুন্সীগঞ্জে অনুষ্ঠিতব্য এই সমাবেশকে ঘিরে জেলা বিএনপির পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি জানান।