মোদীর মন্ত্রিসভায় ঠাঁই হলো না বাংলার
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২৩:১৮
কেন্দ্রে মোদীর সরকার গঠন হল। অথচ মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের একজনও প্রতিনিধি নেই। শেষ কবে এমন ঘটনা ঘটেছে মনে করতে পারছেন না অনেকেই। কিন্তু মোদীর মন্ত্রিসভার শপথগ্রহণে এমন দৃশ্যই দেখতে হল এ রাজ্য থেকে যাওয়া বিজেপি প্রতিনিধিদের। ইন্ডিয়াটাইমসের এক প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে।
প্রতিবেদনে লেখা হয়, রবিবার রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের বিজয়ী দুই বিজেপি এমপি বাবুল সুপ্রিয় এবং সুরিন্দর সিং আলুওয়ালিয়া আশা করেছিলেন শপথের ডাক পাবেন। কিন্তু রাজ্যর ভোটদাতারা বিপুল ভাবে বিজেপিকে সমর্থন করার পরেও মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিলেন না মোদী।
আসানসোল কেন্দ্র থেকে কঠিন লড়াই করে জিতে আশা বাবুল মন্ত্রী হবেন এমন জল্পনায় সরগরম ছিল রাজ্য রাজনীতি। সোমবার কিছুটা হতাশার সুরে বাবুল বলেন, ‘বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল যে আমি মন্ত্রী হচ্ছি। কিন্তু যারা শপথ নিলেন, তাদের মধ্যে আমি নেই। এজন্য হয়তো আমার প্রিয় মানুষরা দুঃখ পাচ্ছেন। যারা আমাকে মন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন, তাদের প্রার্থনা ও ইচ্ছাকে আমি সম্মান জানাই। আপনারা হতাশ হবেন না।’
বাবুল বলেন তার মন্ত্রী না হওয়ার সঙ্গে বাংলার বঞ্চনাকে এক করে দেওয়া উচিত নয়। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংও বলেছেন, আশা করছি মন্ত্রিসভার পরবর্তী সমপ্রসারণের সময়ই পশ্চিমবঙ্গের প্রতিনিধিকে নেওয়া হবে। কবে হতে পারে এই সমপ্রসারণ? এ প্রশ্নের জবাবে সিদ্ধার্থ বলেছেন, সেটা আমি ঠিক বলতে পারছি না। তবে তিন-চার মাসের মধ্যেই হয়ে যাবে বলে আশা করছি। কিন্তু প্রথমে কেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিকে নেওয়া হল না? এর জবাব বিজেপির নেতারা দিচ্ছেন না বা দিতে পারছেন না। অনেকে বলছেন, এ রাজ্য থেকে মাত্র দু’জন নির্বাচিত হয়েছেন বলে মন্ত্রিসভায় বাবুলদের ঠাঁই হয়নি এ যুক্তিও ধোপে টেঁকে না। কারণ, ওডিশা ও তামিলনাড়ু থেকে বিজেপির একজন মাত্র প্রার্থী জিতে এসেছেন এবং তারা মন্ত্রী হয়েছেন।