ঢাকা বিভাগের আট জেলায় ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

বৃহত্তর ময়মনসিংহ, গাজীপুরসহ ঢাকা বিভাগের ৮ জেলায় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসককে প্রত্যাহার, মহাসড়কে রেজিস্ট্রেশন বিহীন যানবাহন চলাচল বন্ধ, পুলিশের চাঁদাবাজি বন্ধ, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চুক্তি বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মো. আমিনুল হক শামীম জানান, যোগাযোগ মন্ত্রণালয়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমস্যা সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে ৮ জেলার ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে গাড়ি চলাচল শুরু হবে। আগামী ২৯ মে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে সংশ্লিষ্টদের বৈঠক হবে।