রাজার ‘বৈধতা’ পেয়ে ধরপাকড় জোরদার থাই জান্তার
প্রকাশ : ২৭ মে ২০১৪, ২৩:১৮
রাজার অনুমোদন পেয়ে থাইল্যান্ডের জান্তা সরকার ধরপাকড় আরো জোরালো করেছে। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে কিংবা মন্তব্য করলেই তাকে গ্রেফতার করা হচ্ছে। সন্দেহভাজনদের প্রতি সমন জারিও অব্যাহত আছে। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গতকাল মঙ্গলবার ইংলাক সরকারের শিক্ষামন্ত্রী চতুরং চাইসায়েংকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হবার কিছুক্ষন আগে তিনি মিডিয়াকে বলেছিলেন, তিনি সেনাপ্রধানের নির্দেশ মেনে আত্মসমর্পণও করবেন না, আবার পালিয়েও বেড়াবেন না। গত কয়েকদিন ধরে তিনি সেনাবাহিনীর ক্ষমতা দখলের ব্যাপক সমালোচনায় মগ্ন ছিলেন।
সেনাবাহিনী বলেছে, চতুরংকে সামরিক আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার করা হবে। তিনি ছাড়াও আরো শতাধিক রাজনীতিক ও শিক্ষাবিদকে আটক কিংবা তলব করেছে জান্তা সরকার। চতুরং সেনাবাহিনীর নির্দেশ মেনে সমনের জবাব দিতে রাজি ছিলেন না। কারণ যারাই সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে গেছেন তারাই গ্রেফতারের শিকার হয়েছেন। যারা নিতান্ত অসুস্থ তাদের পরে ছেড়ে দেয়া হয়। গতকাল চতুরং বলেন, এই অভ্যুত্থান দেশের সর্বনাশ ডেকে আনবে। তাই সবাইকে সেনা সরকারের বিরুদ্ধে সরব হতে হবে।