জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন
মো. তসলিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০১৪, ১৯:৪৯
চাঁপাইনবাবগঞ্জে গত ২৫ মে সন্ধ্যায় গান, আবৃত্তি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী পালিত হয়। শহরের সাধারণ পাঠাগার চত্বরে বন্ধু সভা এবং শহীদ সাটুহলের সামনে উদীচী শিল্পীগোষ্ঠী ও বঙ্গবন্ধু পরিষদ জেলা সংসদ যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, লেখক এনামুল তুফান, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু।
অপর দিকে অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত অপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সাইদুর রহমান, আকরাম উল্লাহ, গোলাম ফারুক মিথুন প্রমুখ।
আলোচকরা বলেন, ‘কবি তাঁর জীবন থেকেই শিক্ষা নিয়েছেন, তিনি রুটি-রোজগারের সাথে সাথে লেখাপড়াও চালিয়ে গেছেন। তিনি ইংরেজি, ফার্সি, উর্দু, হিন্দি, আরবি, সংস্কৃত ভাষায় তার ছিল সমান দখল, তার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকেই সৃষ্টি করেছেন অসংখ্য কবিতা, গান, নাটক ও উপন্যাস। তিনি লিখেছেন, বিদ্রোহের কবিতা, প্রেমের কবিতা, সৃষ্টি করেছেন গণমানুষের জাগরণের গান। একদিকে প্রেমের গান অন্য দিকে তার লেখায় উঠে এসছে গজল, শ্যামা সংগীতও। একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে তার লেখা সকলকে আজও পথ দেখায়।’ এভাবেই কবির জন্মদিনে কবি-ভক্ত আলোচকরা তাদের বক্তব্য তুলে ধরেন। তারা অসাম্প্রদায়িক মানবতাবাদী এই কবির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান সবাইকে।
অমর চাঁদ গুপ্ত অপু
ফুলবাড়ি (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথভাবে এবং স্থানীয় সুরবাণী সংগীত বিদ্যালয় পৃথকভাবে গত ২৫ মে সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাহিদা সুলতানা, নাজমুল ইসলাম, সংগীত শিক্ষক গোবিন্দ চন্দ্র সরকার, খাদেল হোসেন বকুল, সাংবাদিক তন্ময় গুপ্ত প্রমুখ।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন গোবিন্দ চন্দ্র সরকার, খালেদ হোসেন বকুল, শিশু শিল্পী অংকনা রাণী, তাসনিম, বর্ণ, রিশা, মুর্তজা পারভিন, নরিত্র সরকার, মাইসা মনি, তাঞ্জিদ, কুসল দত্ত, সুবর্ণা মিতু, রামিশা, সাদিয়া পারভিন, সাদিয়া আক্তার, রিফা ফারজানা এবং নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী মাইসা মণি, সাদিয়া পারভিন ও অংকনা রাণী। এদিকে স্থানীয় সুরবাণী সংগীত বিদ্যালয় চত্বরে সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ প্রবীর দাস বাবুর সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ি প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাবেক প্যানেল মেয়র এসএম নূরুজ্জামান জামান, ডা. উত্তরম কুমার, নজরুল ইসলাম প্রমুখ।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করে শিশু শিল্পী মিম, মাধবী, সেতু, স্বপন, শুভ গুপ্ত, প্রবীর দাস বাবু ও বাপ্পি দাস।