এক হাসিনা থি
এক তরুণীর ভয়ঙ্কর প্রতিশোধ
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২০:০৬
স্টার প্লাস চ্যানেলে প্রচার শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে দারুণ জমে উঠেছে নতুন হিন্দি সিরিয়াল ‘এক হাসিনা থি।’ গতানুগতিক ফ্যামিলি ড্রামা, কিচেন পলিটিক্স-নির্ভর টিভি সিরিয়ালের একঘেয়েমি থেকে অনেকটা রিলিফ দিচ্ছে রিভেঞ্জ ড্রামা ধাঁচের থ্রিল সাসপেন্সপূর্ণ কাহিনীর নতুন এই হিন্দি সিরিয়ালটি। কলকাতা শহরের পটভূমিকায় আবর্তিত ‘এক হাসিনা থি’ সিরিয়ালের কেন্দ্রবিন্দুতে রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে নিবেদিত সাহসী এক তরুণী দুর্গা ঠাকুর। ছোটবোন ধর্ষণের শিকার হলেও ধর্ষণকারীদের কোনো বিচার হয় না। বরং প্রভাবশালী ধনাঢ্য পরিবারের সন্তান অপরাধীরা ধর্ষিতার বিরুদ্ধে নানা অপবাদ দেয়। বিত্তবৈভবের জোরে আইনের হাত থেকে তারা মুক্তি পেয়ে যায়। ধর্ষিতা মেয়েটির গোটা পরিবার চরম বিপর্যয়ের শিকার হয়। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসে ধর্ষিতা মেয়েটির বড় বোন নিত্যা। দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ায় তার চেহারা বিকৃত হয়ে যায়। এক চিকিত্সকের সহায়তায় চেহারা বদলে নতুন রূপে নতুন পরিচয়ে আবির্ভূত হয় সে। দুর্গা ঠাকুর নামে আত্মপ্রকাশ করে নিত্যা। ছোটবোনের ধর্ষণের জন্য দায়ী প্রভাবশালী পরিবারের উচ্ছৃঙ্খল বখে যাওয়া সন্তান সৌর গোয়েঙ্কাসহ তার সহযোগীদের বিরুদ্ধে চরম প্রতিশোধ নিতে পরিকল্পনা করে দুর্গা। পরিকল্পনা অনুযায়ী কৌশলে এগোতে থাকে সে। ঘটতে থাকে শ্বাসরুদ্ধকর চাঞ্চল্যকর সব ঘটনা। সৃষ্টি হয় দারুণ সাসপেন্স ও থ্রিল। সব মিলিয়ে ‘এক হাসিনা থি’ সিরিয়ালটি এখন বিশাল দর্শকশ্রেণীর আলাদা মনোযোগ আকর্ষণ করেছে। হলিউডের সাড়া জাগানো টিভি সিরিজ ‘রিভেঞ্জ’, ‘রিটার্ন টু এডন’, হিন্দি সিনেমা ‘খুনভারি মাঙ’-এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায় ‘এক হাসিনা থি’ সিরিয়ালের গল্পে। এই সিরিয়ালে মূল নায়িকা চরিত্র দুর্গা ঠাকুরের ভূমিকায় অভিনয় করছেন ছোটপর্দার আলোচিত জনপ্রিয় মুখ সানজিদা শেখ। একতা কাপুরের আবিষ্কার সানজিদা প্রথম অভিনয় করেছিলেন ‘ক্যায়া হোগা নিম্মো কা’ সিরিয়ালে ২০০৫ সালে। এরপর ‘কায়ামত’, ‘ক্যায়া দিল সে হ্যায়’, ‘পিয়া কা ঘর পেয়ারা লাগে’ সিরিয়ালে তাকে দেখা গেছে। এ ছাড়া তাকে গত বছর দেখা গেছে জিটিভির ‘বদলতে রিশেতা কা দাস্তান’ সিরিয়ালের প্রধান নারী চরিত্রে। চ্যালেঞ্জিং রোলে অভিনয়ে তার বিশেষ সুনাম রয়েছে। ‘নাচ বলিয়ে’ ড্যান্স শোতে অংশ নিয়ে শিরোপ জয়ী হয়েছেন সানজিদা। সাম্প্রতিক টিভি সিরিয়াল ‘এক হাসিনা থি’ তাকে খ্যাতি ও জনপ্রিয়তার দৌড়ে আরও অনেক এগিয়ে দিয়েছে। ২৯ বছর বয়সী সুন্দরী মেধাবী অভিনেত্রী সানজিদা বলেন, ‘আমি টিভি সিরিয়ালে সবসময় ভিন্নধাঁচের চ্যালেঞ্জিং রোলে অভিনয় করতে চাই। স্থায়ী নির্দিষ্ট কোনো ইমেজের বলয়ে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই না।’ দুর্গা চরিত্রে অভিনয়ের সুবাদে সাম্প্রতিক সময়ে দর্শকদের আলোড়িত করতে পেরে সানজিদা নিজেও বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত বটে। সব মেয়েকে দুর্গার মতো সাহসী অন্যায়ের বিরুদ্ধে সোচার, আপসহীন, শক্তিশালী হতে পরামর্শ
দিয়েছেন সানজিদা শেখ।