সিনেপ্লেক্সে ‘পম্পেই’

৩০ মে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ঐতিহাসিক পটভূমির উপর নির্মিত জার্মান-কানাডিয়ান ছবি ‘পম্পেই’। ভিসুভিয়াসের প্রলয়ঙ্করী অগ্নুত্পাতে ইতালির পম্পেই নগর ধ্বংস হওয়ার ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ছবিটি। ‘রেসিডেন্ট ইভিল’ চলচ্চিত্রের জন্য খ্যাত পল ডব্লিউএস অ্যান্ডারসন এটি পরিচালনা করেছেন। ‘সোলজার’, ‘ডেথ রেইস’, ‘রেসিডেন্ট ইভিল :আফটারলাইফ’, ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ এবং ‘রেসিডেন্ট ইভিল :রেট্রিবিউশন’ অ্যান্ডারসনের পরিচালনায় অন্যতম কয়েকটি চলচ্চিত্র। এর গল্পে দেখা যাবে, ৭৯ খ্রিস্টাব্দ। ইতালির পম্পেই নগর। তত্কালীন বিশ্বের সবচেয়ে সাজানো শহরের একটি হিসেবে পরিগণিত হতো এটি। এই শহরের এক ক্রীতদাস মাইলো। একসময় দাস থাকলেও এখন সে একজন গ্ল্যাডিয়েটর। রোমানদের নৃশংস আনন্দ দেওয়াই তার কাজ। এমন টানটান গল্পের ছবি নিয়ে সিনেপ্লেক্স সাজিয়েছে তাদের এবারের সপ্তাহ। হলিউডের কাছাকাছি সময়ে ছবি রিলিজ প্রসঙ্গে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা নতুন উদ্যোমেই ছবি রিলিজ দিচ্ছি। আসছে ঈদ নিয়ে এবারে আমরা একেবারে নতুন চমক নিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় এবারের ছবি ‘পম্পেই।’