চৌদ্দগ্রামে দুইটি সড়ক দুর্ঘটনা মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে এ্যাম্বুলেন্সে থাকা রোগী, গাড়ির যাত্রী, চালক ও হেলপারদের চরম ভোগান্তি পোহাতে হয়। উভয় দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়ুইগার পুল এলাকায় সকাল পৌনে আটটায় কভার্ডভ্যান ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে পিকআপটি ধুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ির চালক ও হেলপারসহ অন্তত চারজন আহত হন। এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়। কিছুক্ষণ পর চিওড়া এলাকায় ট্রাক ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়। উভয় ঘটনার কারণে দুপুর পর্যন্ত মহাসড়কের আমানগন্ডা থেকে পদুয়া পর্যন্ত সড়কে যানজট লেগে থাকে।