বজ্রপাতসহ পৃথক ঘটনায় নিহত ৮

বিভিন্ন স্থানে বজ্রপাতসহ পৃথক ঘটনায় ৮জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। নাসিরনগরে বজ্রপাতে দুইজন নিহত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানতুলিয়া ও ছেদিয়ারকান্দি গ্রামে গতকাল বুধবার দুপুরে বজ্রপাতে দুইজন মারা গেছেন। নিহতরা হলেন হ্যাপী বেগম (১৪) এবং সুরত আলী (৩৫)। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাত হলে হ্যাপী বেগম ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে সুরত আলী বাজারে যাওয়ার সময় ফকিরদিয়া এলাকায় পৌঁছলে বজ্রপাতে তিনিও মারা যান। নান্দাইলে রাখাল নিহত ময়মনসিংহের নান্দাইল উপজেলার পালাহার গ্রামে গতকাল বুধবার দুপুরে বজ্রপাতে মো. ফরহাদ উদ্দিন নামে (১৫) এক রাখাল নিহত ও অপর ঘটনায় দশালিয় গ্রামের দিদারুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী জানান, বৃষ্টির সময় পালাহার গ্রামের হাদিস মিয়ার ছেলে ফরহাদ উদ্দিন (১৫) মাঠে গরুকে ঘাস খাওয়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় গাভী গরুটিও মারা যায়। অন্যদিকে, নান্দাইল পৌরসভার দশালিয়া এলাকার আক্তার উদ্দিনের ছেলে দিদারুল বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। ভৈরবে বজ্রপাতে ছাত্রের মৃত্যু কিশোরগঞ্জের ভৈরবের রসুলপুর গ্রামে গতকাল বুধবার সকালে বজ্রপাতে শামিম (১২) নামে এক শিশু মারা গেছে। সে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। বৃষ্টি শুরু হলে নিহত শামিম মাঠে থাকা গরু বাড়িতে আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। কেন্দুয়ায় এক খামারির মৃত্যু নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মড়লপাড়া গ্রামে গতকাল বুধবার দুপুরে বজ্রপাতে মামুন মিয়া (২৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, মোড়লপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মামুন সুনই হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। তাড়াইলে যুবকের মৃত্যু কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ভেইয়ারকোনা হাওরে কাজ করার সময় গতকাল বুধবার সকালে বজ্রপাতে আব্দুল মামুন ভুঁইয়া (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সৈয়দপুরে বজ্রপাতে একজনের মৃত্যু নীলফামারীর সৈয়দপুরে বিকালে বজ্রপাতে মোহাম্মদ আলী (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃষ্টির সময় তিনি ঘরের জানালার পাশে বসেছিলেন। এসময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। রায়পুরে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরের রায়পুরে গত মঙ্গলবার সন্ধ্যায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, বিকালে স্ত্রী ও ছেলেদের সাথে অভিমান করে বৃদ্ধ ভ্যান চালক আবুল কালাম নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় পরিবারের কেউ ঘরে ছিল না। রায়পুর থানার এসআই আলমগীর হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।