ক্যাফেটেরিয়া নির্মাণের দাবিতে ভিসি অফিসসহ ব্যাপক ভাংচুর
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২২:২৮
ক্যাফেটেরিয়া নির্মাণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবিতে বুধবার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো ভিসি, প্রক্টর, প্রশাসনিক কর্মকর্তার অফিসসহ প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাংচুর চালায় শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টরের জীপ ও শিক্ষকদের মাইক্রোবাসসহ অন্তত চারটি গাড়ি ও মোটর সাইকেল ভাংচুর করে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর খাদেমুল ইসলাম জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি পাঁচতলা গ্রন্থাগার ভবন নির্মাণ করা হয়েছে। কতিপয় ছাত্র ঐ ভবনের নিচতলা এবং দোতলায় ক্যাফেটেরিয়া করার দাবি করে আসছিল। এ নিয়ে তাদের সাথে গত কয়েকদিন শিক্ষকদের আলোচনাও হয়। বুধবার দুপুরের দিকে ঐ ছাত্ররা প্রথমে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। পরে তারা ভবনে ঢুকে ভিসি, প্রো ভিসি, প্রক্টর, প্রশাসনিক কর্মকর্তার অফিস কক্ষে ব্যাপক ভাংচুর চালায়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পার্থ প্রতীম সরকার বলেন, আমরা গত দুইদিন ধরে এই দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেননি। আমরা আন্দোলন চালিয়ে যাবো।