কানাডায় বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা

কানাডায় এক সেমিনারে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে নানামুখী আলোচনা হয়। মঙ্গলবার অটোয়া বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ : উন্নয়ন পরিপ্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। এতে বক্তব্য রাখেন- কানাডা-বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি ম্যাথিউ ক্যালওয়ে এমপি, কানাডীয় পররাষ্ট্র দপ্তরের উন্নয়ন সংক্রান্ত মহাপরিচালক জেফ নানি্কভেল প্রমুখ। স্বাগত বক্তব্যে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান বাংলাদেশের উন্নয়নের গতিপ্রকৃতি ও বিভিন্ন দিক তুলে ধরেন। জেফ নানি্কভেল দু’দেশের দ্বিপক্ষীয় বাত্সরিক বাণিজ্যের বিষয়ে আলোকপাত করেন। ম্যাথিউ ক্যালওয়ে রানা প্লাজা পরবর্তী সময়ে তৈরি পোশাক খাতের কর্মপন্থা ও ভবিষ্যত্ করণীয় বিষয়ে আলোকপাত করেন। প্যানেলের আলোচনায় এটি প্রতীয়মান হয় যে, উত্পাদন পর্যায়ে প্রতিটি তৈরি পোশাক পণ্যের দাম ৫০ সেন্ট বৃদ্ধি করলে তা বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলোর আন্তর্জাতিক মান বজায় রাখা এবং শ্রমিকদের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখতে ব্যাপকভাবে সাহায্য করবে। এছাড়া সেমিনারে বক্তারা বাংলাদেশে মাতৃ ও শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, কর্মসংস্থানের জন্য দক্ষতার মান বাড়ানো, ভবিষ্যত্ উন্নয়ন চ্যালেঞ্জ, ব্যক্তি খাতের উন্নয়ন, জ্বালানি খাতের উন্নয়ন এবং সামগ্রিকভাবে প্রতিষ্ঠান তৈরি ও সংরক্ষণে অধিকতর বিষয় নিয়ে আলোকপাত করেন।