সিলেটে ওসিদের আল্টিমেটাম দিলেন কমিশনার
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২৩:০৯
নগরীতে সম্পূর্ণরূপে অপরাধ দমনে সব থানার ওসিদের আল্টিমেটাম দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার শেখ মিজানুর রহমান। তিনি বিভিন্ন থানায় অনুষ্ঠিত ওপেন হাইজ-ডেতে গিয়ে সংশ্লিষ্ট থানার বিভিন্ন স্তরের মানুষের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এই আল্টিমেটাম দেন। বলেছেন, ভালো কাজ করলে প্রশংসা পাবেন, নইলে বিদায় জানানো হবে।
সিলেটের দক্ষিণ সুরমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে থানার ওসি রঞ্জন কুমার সামন্তকে কমিশনার ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন; কিন্তু ওসি তা করতে না পারায় গতকাল বুধবার তাকে মোগলাবাজার থানায় বদলি করা হয়।
শেখ মিজানুর রহমান গতকাল ইত্তেফাককে বলেন, সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। কেউ দায়িত্বে অবহেলা করলে ছাড় দেয়া হবে না।
জানা গেছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওপেন হাউজ-ডেতে উপস্থিত থেকে এলাকার অবস্থা, পুলিশের কার্যক্রম ও ভূমিকা সম্পর্কেও অবগত হচ্ছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছেন। কেউ কেউ সরাসরি অভিযোগ করেছেন সংশ্লিষ্ট থানার ওসিদের বিরুদ্ধে। কমিশনার তখন আল্টিমেটাম দিয়ে বলেছেন, অবস্থার উন্নতি করতে না পারলে ওসিদের বিদায় জানানো হবে। তিনি এও বলেন, ভালো কাজ করতে না পারলে তিনি নিজেই বিদায় হবেন।
কমিশনার ইতিমধ্যে কোতয়ালি, বিমানবন্দর, জালালাবাদ থানার ওসিকেও আল্টিমেটাম দিয়েছেন বলে জানা গেছে। গত সোমবার জালালাবাদ থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে ওসিকে এক মাসের আল্টিমেটাম দেয়া হয়েছে। ১৮ মে কোতয়ালি থানায় ওপেন হাউজ-ডেতে মাদক ব্যবসা, ছিনতাই, অসহনীয় যানজটসহ নানা বিষয়ে পেশাজীবী, জনতা ও জনপ্রতিনিধিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এর প্রেক্ষিতে কমিশনার কোতয়ালি থানার ওসি আতাউর রহমানকে উদ্দেশ করে বলেন, এখন থেকে সরাসরি অ্যাকশন নিতে হবে। কোতয়ালি থানার অন্তর্গত সিটি করপোরেশনের ১৫ ওয়ার্ডে আগামী এক মাসের মধ্যে পৃথক ১৫টি আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। এই কমিটির কাছ থেকে কোতয়ালির ওসির কাজের মূল্যায়ন নেয়া হবে।