নারায়ণগঞ্জে মোক্তারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা নিউ আনন্দ পরিবহনের নিয়ন্ত্রণকারী মোক্তার হোসেনের বিরুদ্ধে আবারো চাঁদাবাজির অভিযোগ করেছেন একজন বাস মালিক। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আকরাম প্রধান নামের ওই বাস মালিক অভিযোগ করেন, পরিবহন খাতে মোক্তার হোসেন ও তার লোকজন চাঁদাবাজি করছে। বিগত পাঁচ বছর মোক্তার হোসেন আনন্দ পরিবহন থেকে বিভিন্ন অজুহাতে ২৩ কোটি ৭০ লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নিয়েছে। তিনি বলেন, দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট এ তার দু’টি বাস রয়েছে। ২০১৩ সালের দুই অক্টোবর সকল সাধারণ মালিকরা মিলে এই চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে এবং চাঁদা দেয়া বন্ধ করে দেয়। কিন্তু ২০১৪ সালের পাঁচ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর উক্ত চক্র আবারও আনন্দ পরিবহন দখল করে নেয়। বর্তমানে ব্যবস্থাপনার কথা বলে প্রতিদিন প্রায় এক লাখ থেকে এক লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সাধারণ বাস মালিকরা প্রকৃত আয় থেকে বঞ্চিত হচ্ছে। চক্রটি অত্যন্ত প্রভাবশালী হওয়ায় সাধারণ মালিকরা মুখ ফুটে কিছু বলতেও সাহস পায় না।