১৩ বছর পর রমনা বটমূলে হামলার রায় ১৬ জুন
প্রকাশ : ২৮ মে ২০১৪, ২৩:১৪
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার রায় আগামী ১৬ জুন ঘোষণা করবে আদালত। দীর্ঘ ১৩ বছর আগে করা এই মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন গতকাল বুধবার রায়ের জন্য এ দিন ধার্য করেন।
২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সালের ১ বৈশাখ) ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। এ হামলায় ১০ জন নিহত হন। এ ঘটনায় রমনা থানায় দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে হত্যা মামলায় হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জঙ্গি আসামি। আসামিদের বিরুদ্ধে সন্দেহাতিতভাবে অভিযোগ প্রমাণ হয়েছে দাবি করে এই জঙ্গিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। এই রায় ঘোষণার দিন ধার্যের মধ্য দিয়ে শেষ হলো হত্যা মামলার বিচার কার্যক্রম।
রমনা বটমূলে বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। হত্যা মামলায় রায় ঘোষণার দিন ঠিক হলেও অন্য মামলাটি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। ঘটনার প্রায় আট বছর পর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুটি মামলায়ই ১৪ জন আসামির মধ্যে নয়জন বর্তমানে কারাগারে আছেন। তারা হলেন- মুফতি হান্নান, মাওলানা আকবর হোসেন, আরিফ হোসেন সুমন, শাহাদাতউল্লাহ জুয়েল, মাওলানা সাব্বির, মাওলানা শওকত হোসেন ওরফে শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আবু তাহের ও মাওলানা ইয়াহিয়া। এদের মধ্যে হান্নান, আকবর ও আরিফ বোমা হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বাকি পাঁচ আসামি মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে মাওলানা হাফেজ সেলিম হাওলাদার মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই পলাতক।