লেখকের সাম্প্রতিক...
মানুষের হূদয় অনুসন্ধান করতে চাই
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২০:৩৭
পৃথিবীতে মানবজীবনে প্রতিটি মানুষ নিজের প্রয়োজনে শিক্ষা গ্রহণ করে। নিজেকে সমৃদ্ধ করতে সে শিক্ষার অনুসন্ধান তিন ভাবে করতে পারে মানুষ। এক. প্রকৃতি থেকে, দুই. মানুষের মাধ্যমে, তিন. বই পড়ে। আমি আমার প্রয়োজনে তিনটি মাধ্যমকেই ব্যবহার করি। আত্মাকে সমৃদ্ধ করতে জ্ঞানের খোঁজ আমি প্রতিনিয়ত করে যাই। যেমন—পৃথিবীর সমস্ত প্রাণী নিজেকে বাঁচাতে আকুল চেষ্টা করে যায়। আমিও আমাকে টিকিয়ে রাখতে পথে, ঘাটে, ফুটপাতে খুঁজে বেড়াই আহার। করি সৌন্দর্যের অনুসন্ধান। মিলে আত্মার শান্তি। ছাড়ি স্বস্তির নিঃশ্বাস।
জীবনের প্রথম দিকে বাংলাবাজারের দিকে পকেটে ষাট টাকা নিয়ে হাঁটতে থাকি। রাস্তায় দেখি বইয়ের দোকান। প্রথমেই চোখ পড়ে দস্তয়েভস্কির ‘বঞ্চিত লাঞ্ছিত’ বইটির দিকে। দাম আশি টাকা হলেও ষাট টাকায় কিনতে পারি। বইটি নিয়ে পাগলের মতো পড়ে শেষ করি। ক্রমে নিজের ভেতর পাল্টে যাই। এক ধরনের উন্মাদনায় থাকি। তারপর পড়ি—আনা কারিনার কয়েকটি বই, ম্যাক্সিম গোর্কির ‘মা’, বিশ্ববিখ্যাত দার্শনিক ফ্রেডরিখ নিেসর ‘জরাথুসত্র বললেন’। এই বইটি পড়ে আমার ভেতরে কম্পন শুরু হয়। অন্তরাত্মা কী যেন বলে। আমার জগত্ পরিবর্তন হয়ে যায়। খুঁজে পাই নতুন পথ। ভিন্নমাত্রায় দেখি মনোজগত্। জীবনপথে হই সমাজবিপ্লবী। কিছু একটা করার ইচ্ছা জাগে। পড়ি রাশিয়ান বেশকিছু বই। মোহে ফেলে দেয় টলস্টয়। জীবনের আদর্শ হয়ে যায় টলস্টয়। নিজের প্রয়োজনে বহুবার পড়েছি আনা কারিনা। সময় পেলে এখনো পড়ি আমি। ভালো লাগা তৈরি হয় হূদয়ে মনে।
সমাজ-জীবনে মানুষের কষ্ট, উচ্চবিত্তের অবহেলা ও রাষ্ট্রের নিষ্ঠুরতামুক্ত পরিবেশ চেয়েছিলাম। বিপ্লবী হবার ইচ্ছা থাকলেও সুযোগ হয়নি। চেষ্টা না থামিয়ে মানুষকে সুশৃঙ্খল করতে, উজ্জীবিত করতে লিখতে শুরু করি গান। ছড়িয়ে যায় দেশে দেশে গান। সবুজ থেকে সবুজ হয় প্রাণ। চেয়েছি খোলা মনে—জীবনের নৈতিকতা সৌন্দর্য মানব আত্মায় ছড়িয়ে দিতে। চেয়েছি—মানুষকে নিরন্তর ভালোবাসার প্রেরণা দিতে। চেষ্ঠা করেছি—মানুষকে আত্মিকভাবে পরিশীলিত করতে। সময়ের প্রয়োজনে সত্য-সুন্দর ছড়িয়ে দিতে। কতটুকু পেরেছি তা পাঠকের হাতে। তবে আমার সকল গান লেখার উত্স ‘নৈতিকতা’।
আমার জীবনের প্রথম লেখা জনপ্রিয় গান—‘সোনা দানা দামি গহনা’। গানটি মাটির ফুল সিনেমায় ব্যবহূত হয়। গানটি গেয়েছিলেন শিল্পী আলম আরা মিনু এবং গানটিতে সুরারোপ করেছিলেন মানাম আহমেদ। তারপর আসিফের কণ্ঠে—অপরূপা তুমি অপরূপা, দু’চোখ আমার শত্রু হলো কেন দেখলাম তারে। সর্ব বাঙালি জাতিগোষ্ঠীর কাছে প্রিয় ‘চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান’, ‘আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে’, ‘নষ্ট জীবন দিয়ে কী আর আমি করবো’, ‘তুমি দুঃখ দিতে খুঁজে বেড়াও আমারে’। আমার জনপ্রিয় অধিকাংশ গান গেয়েছেন—রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিত্, বারী সিদ্দিকী, আইয়ুব বাচ্চু, মনির খান, কনকচাঁপা, কুমার সানু, এস ডি রুবেল, ডলি সায়ন্তনী, আসিফ আকবর, সামিনা নবীসহ আরো অনেকে।
গ্রন্থনা : ইমরান মাহফুজ