শুরু হচ্ছে ৬৪টি জেলায় নাটকের শুটিং

সারা বাংলাদেশ থেকে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ১৭৮০ জন প্রতিযোগীকে নিয়ে ‘রয়েল টাইগার নাট্যযুদ্ধ রিয়েলিটি শো’র গ্রুমিং সেশন শেষ হয়েছে সম্প্রতি। এখন চলছে চিত্রনাট্য বাছাই প্রক্রিয়া। ব্যাকড্রপ লি.-এর আয়োজনে ভিন্ন মাত্রার এই রিয়েলিটি শো’র নাটক নির্মাণ পর্ব শুরু হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে। আয়োজক আনজাম মাসুদ জানান, গ্রুমিং সেশন শেষে এখন চলছে চিত্রনাট্য বাছাই ও চূড়ান্তকরণ প্রক্রিয়া। এ সপ্তাহের মধ্যে ৬৪টি জেলার জন্য ৬৪টি চিত্রনাট্য চূড়ান্ত করা হবে। আর জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে জেলাভিত্তিক নাটকের শুটিং। নাটকগুলো নির্মাণ ও এতে অভিনয় করবেন জেলাভিত্তিক প্রতিযোগীরা। আর এই নাটক থেকেই পর্যায়ক্রমে বাছাই করা হবে সেরা নাটক-শিল্পী-নির্মাতা-কুশলীদের। ব্যাকড্রপ সূত্রে আরও জানা যায়, এই নাটকগুলোসহ পুরো রিয়েলিটি শো’টি ধারাবাহিকভাবে শীঘ্রই সম্প্রচার শুরু হবে এটিএন বাংলায়।