রংপুর সুগার মিলে ৩০ কোটি টাকার চিনি অবিক্রিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২১:৪০
গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জস্থ রংপুর সুগার মিলে তিন বছরের প্রায় ৩০ কোটি টাকার ৮ হাজার ১শ’ ১২ মে.টন চিনি অবিক্রীত অবস্থায় পড়ে আছে। সরকারি ভাবে প্রতি কেজি চিনির দাম ১০ টাকা করে কমানোর পরও এ সুগার মিলের চিনি ক্রয়ে লোকসানের আশংকায় ডিলারা চিনিকল থেকে চিনি ক্রয় করছেন না। সম্প্রতি সরকারি সুগার মিলগুলোতে প্রতি কেজি চিনির দাম ১০ টাকা করে কমিয়ে প্রতি কেজি চিনির দাম ৪০ টাকা করে নির্ধারণ করার পরও এখন পর্যন্ত কেউ সরকারি মিলের চিনি ক্রয় করছে না।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জের কয়েকজন চিনি ডিলারের সাথে কথা বলে জানা গেছে, সুগার করর্পোরেশনভুক্ত চিনিকলের চাইতে ব্যক্তি মালিকানার চিনিকলগুলোতে কমদামে চিনি পাওয়া যাচ্ছে। তাই বেশিদামে সুগার মিল থেকে চিনি কিনে লোকসান দেয়ার চাইতে ব্যক্তি মালিকানা চিনিকল থেকে চিনি ক্রয় করা লাভজনক।