বিভিন্ন স্থানে দুর্ঘটনায় ছয়জন নিহত

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। শরীয়তপুরে শিশুসহ দু’জন নিহত শরীয়তপুরের কোটাপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল দুর্ঘটনায় এক শিশু ও মোটর সাইকেল চালক নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- পথচারী সোনিয়া (১০) ও বিল্লাল হোসেন (২৮)। সদর উপজেলার পশ্চিম কোটাপাড়ার বাদামতলায় একটি বেপরোয়া মোটর সাইকেল শিশুকে চাপা দিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকও নিহত হন। আহত সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালং মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার ফরিদুল হক বলেন, দুর্ঘটনার বিষয়ে কেউ মামলা করতে আসেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কসবায় ছাত্রলীগ নেতার মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মোফাশ্বের খাঁ (৩২) নামে এক ছাত্রলীগের নেতা মারা গেছেন। তিনি উপজেলার কুটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। মোটর সাইকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ধামইরহাটে গাড়ি চাপায় শিশুর মৃত্যু নওগাঁর ধামইরহাটে গতকাল বৃহস্পতিবার সকালে সোনালী ব্যাংকের গাড়ি চাপায় সুমাইয়া (৮) নামে এক শিশু মারা গেছে। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে মো. হাফেজ (৫২) নামে এক বৃদ্ধ মারা গেছেন। হাফেজের বাড়িতে থাকার ঘরে বিদ্যুতের তারে লেগে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে। আশেপাশের লোকজন দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। আদমদীঘিতে ঝুলন্ত লাশ উদ্ধার বগুড়ার আদমদীঘির নাগর নদী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে আবু হেনা (১৩) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় ও পুলিশ জানায়, আদমদীঘির চাঁপাপুর বিলপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে আবু হেনা গত বুধবার মায়ের কাছে টাকার বায়না ধরে। তাকে টাকা না দিলে মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন সন্ধ্যায় নাগর নদীর কালিতলায় একটি কড়ই গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।