স্নোডেনকে দেশদ্রোহী হিসেবে অভিহিত করলেন কেরি
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২১:৪৯
একবছর আগে মার্কিন নজরদারির গোপন নথি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এছাড়া মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি না হয়ে কাপুরুষের পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন কেরি। এদিকে ওয়াশিংটন স্নোডেনের পাসপোর্ট প্রত্যাহার করে রাশিয়াতে নির্বাসনে পাঠিয়েছে বলে আমেরিকার একটি টেলিভিশনে দেয়া সাক্ষাত্কারে স্নোডেনের এমন অভিযোগের পর বুধবার ঐ মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
আমেরিকার সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেয়া প্রথমবারের মত এক সাক্ষাত্কারে স্নোডেন বলেছেন, তার প্রাথমিক পরিকল্পনা ছিল দক্ষিণ আমেরিকার কোন এক স্থানে যাওয়া। কিন্তু ওয়াশিংটন তার পাসপোর্ট প্রত্যাহার করে রাশিয়াতে নির্বাসনে রেখেছে। এছাড়া সাক্ষাত্কারে সাবেক এই সিআইএ কর্মকর্তা নিজেকে ইলেক্ট্রনিক নজরদারিতে একজন উচ্চ-প্রযুক্তির গোয়েন্দা বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরেছেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর হয়ে গোয়েন্দা তত্পরতা চালানোর জন্য গোপনে অন্য দেশে কাজ করেছেন বলেও দাবি করেন তিনি। গোয়েন্দা সংস্থার অধঃস্তন বিশ্লেষক হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্র যে বিবৃতি দিয়েছে তা নাকচ করে স্নোডেন আরো বলেন, আমি যুক্তরাষ্ট্রের জন্য পুরো ব্যবস্থাটাকেই কাজে লাগিয়েছি।