কৃষকদের ধানের দাম দিতে ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ করা উচিত

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, কৃষক ধানের দাম না পেয়ে খেতে আগুন দিচ্ছে, ধানের বস্তায় আগুন দিচ্ছে। খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী কেউই দায় না নিয়ে বেফাঁস মন্তব্য করছেন। ব্যর্থতার দায় নিয়ে এই মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। গতকাল রবিবার রাজধানীন পল্টনস্থ মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম জোটের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য রাখেন শাহ আলম ও সাইফুল হক। তারা বলেন, কৃষকের মনের আগুন নিভাতে সরকার ব্যর্থ হলে সরকারের গদিতে আগুন লেগে যাবে। আর দাম না পেয়ে যদি কৃষক উত্পাদনে নিরুত্সাহিত হয় তাহলে দেশ খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তারা অবিলম্বে ধানের লাভজনক দাম নিশ্চিত, ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধি ও ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুস সাত্তার, মানস নন্দী, হামিদুল হক, লিয়াকত আলী, সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাস অঞ্জন, রুহিন হোসেন প্রিন্স, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, শম্পা বসু, আকবর খান, আনসার আলী দুলাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে আগামী ২৯ মে সকাল সাড়ে ১০টায় প্রগতি সম্মেলন কেন্দ্রে বাজেট নিয়ে ‘জনগণের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠানের এবং আগামী ২৮ মে’র মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া বেতনসহ ৯ দফা দাবি মেনে না নিলে ৩০ মে বিজেএমসি কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।