আফগানিস্তানে সৈন্য কমাবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন সেনাসংখ্যা কমিয়ে এই বছরের শেষনাগাদ ৯,৮০০ জনে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী দু’বছরের মধ্য সেনাসংখ্যা ক্রমান্বয়ে আরো কমিয়ে এনে তা মাত্র ১০০০ জনে সীমিত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। আফগানিস্তান সফর শেষে হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে বারাক ওবামা বলেছেন, ২০১৬ সালের শেষনাগাদ আফগানিস্তানে আমেরিকার মাত্র একহাজার সৈন্য অবস্থান করবে। এই সৈন্যদের মূল কাজ হবে মার্কিন দূতাবাসকে পাহারা দেয়া, আফগান সৈন্যদেরকে প্রশিক্ষণ দেয়া এবং সন্ত্রাস-বিরোধী কর্মকাণ্ডকে সহযোগিতা করা। এই সিদ্ধান্ত নেবার পেছনে মূল কারণ হিসেবে মি. ওবামা বলেছেন যে, আফগানিস্তানকে নিরাপত্তা দেয়া আফগানদের কাজ, মার্কিনীদের নয়। তিনি বলেছেন “আগামী বছরের শুরু থেকে আফগানিস্তানের নিরাপত্তার জন্য আফগানরাই দায়িত্বে থাকবে। আফগানিস্তানে আমেরিকা সৈন্যসংখ্যা কমিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে তা হবে ধাপে ধাপে, কয়েকটি পর্যায়ে। এর মধ্যে প্রথম ধাপটি হবে আগামী বছর অর্থাত্ ২০১৫ সালের শুরুর দিক। এই বছরের শেষনাগাদ সৈন্যসংখ্যা কমিয়ে মাত্র দশ হাজারের কাছাকাছি সৈন্যকে আফগানিস্তানের বিভিন্ন এলাকার দায়িত্বে রাখা হবে। আর দ্বিতীয় ধাপে অর্থাত্ ২০১৫ সালের শেষনাগাদ এই সংখ্যা আরও কমিয়ে প্রায় অর্ধেকে নামানো হবে।