প্রধানমন্ত্রী ফিরেছেন
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২৩:১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল বৃহস্পতিবার সকাল ৬-৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে গত রবিবার টোকিও যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকারকে ৬০০ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন। গঙ্গা ব্যারেজ, যমুনা নদীর নিচে বহুমুখী টানেল, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেল সেতু নির্মাণ, ঢাকা ইস্টার্ন বাইপাস এবং ঢাকার চারটি নদী পুনরুদ্ধারসহ কয়েকটি বড় প্রকল্পে জাপানি সহযোগিতা চান শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশের পাঁচটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ৪০টি প্লট এবং দু’টি শিল্প ইমারত সংরক্ষিত রাখার বিষয়ে সমঝোতা হয়।
আনুষ্ঠানিক আলোচনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ওডিএ লোন প্যাকেজের বিনিময় নোট স্বাক্ষর করেন। এর আওতায় জাপান সরকার বাংলাদেশকে সহজ শর্তে ১২০ বিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার) ঋণ দেবে, যা দিয়ে এক হাজার দুইশ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র গড়ে তোলা হবে।
সফরের দ্বিতীয় দিন সকালে শেখ হাসিনা জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে সাক্ষাত্ করেন। রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে শিনজো আবের নৈশভোজে যোগ দেন তিনি। ওই দিনের শুরুতেই রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকা প্যালেসে জাপানের মন্ত্রিসভার উপস্থিতিতে শেখ হাসিনাকে লালগালিচা অভ্যর্থনা ও গার্ড অফ অনার দেয়া হয়। সফরের তৃতীয় দিন মঙ্গলবার টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে যান শেখ হাসিনা। সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। সেদিনই টোকিওকাইনাকে জাপান শিল্প ও বণিক সমিতির অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে জাপান-বাংলাদেশ বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা কমিটি, জাপান শিল্প ও বণিক সমিতি, জাপান বণিক সংঘ এবং জাপান বৈদেশিক বাণিজ্যিক কাউন্সিলের মধ্যাহ্নভোজে যোগ দেন শেখ হসিনা। পরে জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থার সদরদপ্তরেও যান প্রধানমন্ত্রী। বুধবার জাপান প্রেসক্লাবে যান। সন্ধ্যায় জাপানে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান, বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত ভূষণ বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদসহ ৪৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।