ঘরে ঢুকে চুরি নয়, কেবলই সুড়সুড়ি!

রাতের বেলা গৃহস্থের অগোচরে ঘরে ঢুকতে পারলে চোরের পোয়াবারো। চুরি করে পালাতে পারলে তো আরো ভালো! ধরা পড়লে কি ঘটতে পারে তা বলার অপেক্ষা রাখে না। চোর এত ঝুঁকি নিয়ে ঘরে ঢোকে ফাঁও কিছু পাওয়ার আশায়। কিন্তু যুক্তরাষ্ট্রের বোস্টনে পাওয়া গেছে এক অদ্ভুত চোরের সন্ধান। সে জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঢোকে ঠিকই। কিন্তু কিছুই চুরি করে না। তার নেশা শুধু ঘুমন্ত মেয়েদের ঘরে ঢুকে পাখির পালক দিয়ে তাদের পায়ে সুড়সুড়ি দেয়া! কিছুক্ষণ সুড়সুড়ি দিয়েই সে পালিয়ে যায়। পুলিশ হন্যে হয়ে এই ‘সুড়সুড়ি চোরকে’ খুঁজে বেড়াচ্ছে। প্রথমদিকে ঘটনাটি কেউ বিশ্বাস করেনি। কিন্তু যখন একাধিক বাড়ি থেকে পুলিশের কাছে অভিযোগ আসতে থাকে তখন পুলিশ তত্পর হয়। এ ধরনের অদ্ভুত চোরের কথা পুলিশ আগে কখনো শোনেনি। ঘটনার শিকার একাধিক নারী পুলিশকে জানিয়েছেন তারা একটু নড়াচড়া করতেই লোকটি পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে অপরাধী ধরা পড়ার আগ পর্যন্ত সবাই যেন ঠিকমতো দরজা বন্ধ করে ঘুমাতে যায়। কারণ তার সুড়সুড়ি দেয়ার নেশা যে আরো বড় অপরাধের নেশার দিকে নিয়ে যাবে না তা হলফ করে বলা যায় না। -বোস্টন গ্লোবত্