আগস্টে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে
প্রকাশ : ২৯ মে ২০১৪, ২৩:২৩
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগের বিষয়টি ভুয়া। সেতু বিভাগ এ ধরনের কোনো লোক নিয়োগ দিচ্ছে না। আগামী আগস্ট মাসে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে।
তিনি বলেন, একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে দীর্ঘদিন ধরে চক্রান্ত করে চলেছে। তারা পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগের নামে অর্থের বিনিময়ে ফরম বিক্রি করছে। আর এ ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছে লোকজন। সেতু প্রকল্পে শ্রমিক নিয়োগ, সিমেন্ট, ইট, বালু, কংক্রিট সাপ্লাইয়ের সাব-কন্ট্রাক্ট পাইয়ে দেয়ার কথা বলে তারা তাদের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি বলেন, এ ফাঁদে কোনো মতেই পা দেয়া যাবে না। কারণ পদ্মা সেতুর কাজ পেতে যাচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোং লিঃ। সুতরাং কন্ট্রাক্টর কাকে সাব-কন্ট্রাক্ট দিবে বা শ্রমিক হিসেবে নিয়োগ করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। সুতরাং মূল কন্ট্রাক্টরের বাইরে কেউ কাজ দিতে চাইলে তা হবে প্রতারণা। বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, আগামী আগস্ট মাসে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে। প্রায় কাছাকাছি সময়ে নদী শাসনের কার্যাদেশও দেয়া হবে। ইতিমধ্যে এ কাজের জন্য ৪টি কোম্পানি যোগ্যতা লাভ করেছে। তাদেরকে আর্থিক প্রস্তাব দিতে বলা হয়েছে। প্রস্তাব পাবার পর পরীক্ষা-নিরীক্ষা করে যোগ্য কোম্পানিকে কার্যাদেশ দেয়া হবে।
পরে মন্ত্রী কুমারভোগের শিমুলিয়ায় নির্মাণাধীন মাওয়া অস্থায়ী ঘাটের কাজ ও মাওয়া পুরনো ফেরিঘাট সংলগ্ন তীর রক্ষা কাজ পরিদর্শন করেন।