অবৈধ যান চলাচল বন্ধে রাজশাহীতে অভিযান

রাজশাহীতে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। বাস-ট্রাক মালিক-শ্রমিকদের দাবির প্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে রাজশাহীজুড়ে চলছে এ অভিযান। গতকাল বৃহস্পতিবার রাজশাহী-নওগাঁ মহাসড়কের রাজশাহী অংশে দিনভর চলা অভিযানে নেতৃত্ব দেন স্বয়ং রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। এসময় রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তুহিনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিরুল ইসলাম, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়ছিন আরেফিন, পবার সহকারি কমিশনার (ভূমি) শাহাদত হোসেন কবির, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ, রাজশাহী জেলা বাস মালিক সমিতির সহ-সম্পাদক মেহেদী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে মহাসড়কে চলাচলকারী ৭টি অবৈধ ভটভটি অকেজো করে রাস্তার পাশের গর্তে ফেলে দেয়া হয়। অভিযান শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ ওই মহাসড়ক নিরাপদ এবং পরিষ্কার সড়ক হিসেবে ঘোষণা করেন। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, এসব যানবাহন মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও গ্রামীণ সড়কে চলাচলে কোন বাধা নেই। চালকদের আরো বেশি সচেতন হয়ে গ্রামীণ সড়কে এসব যান চলানোর আহবান জানান বিভাগীয় কমিশনার। উল্লেখ্য, ছয় দফা দাবিতে গত ২৫ থেকে ২৭ মে পর্যন্ত পরিবহন ধর্মঘট পালন করে রাজশাহী বিভাগীয় বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরে প্রশাসনের আশ্বাসে আগামী ৭ জুন পর্যন্ত ১০ দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়।