আসুন আলোচনায় বসি

শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল রবিবার ইমরান খান প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে অভিনন্দন জানান। এর আগে নির্বাচনে জয়ের দিনও টুইট করে ইমরান খান মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রবিবার টেলিফোন করে ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেছেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান ভারতের ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে। অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য মোদিও ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রীকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশিদের অগ্রাধিকার দেওয়ার সরকারি লাইনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদি ইমরানকে মনে করিয়ে দিয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা সবার আগে লড়তে হবে দারিদ্র দূরীকরণের জন্য। এই অঞ্চলে শান্তুি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য যে পারস্পরিক বিশ্বাস বাড়িয়ে তোলা আর হিংসা বন্ধ করাটাই সবচেয়ে বেশি জরুরি বলে ইমরান খানকে সেটাই বলেছেন নরেন্দ্র মোদি। শনিবারই মুলতানে ইফাতরের নৈশভোজের একটি অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, কাশ্মিরসহ বিভিন্ন জটিল সমস্যাগুলো মেটাতে ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসতে তৈরি হয়ে আছে পাকিস্তান। -আনন্দবাজার পত্রিকা