গল্প নয় সত্যি

একঘেঁয়েমি কাটাতে চুরি!

যে দেশে তাদের বসবাস সেই দেশটিকে বলা হয় বিশ্বের শীর্ষ পাঁচ ধনী দেশের একটি। এমনকি তার নিজেরাও জীবনের এই শেষ পর্যায়ে এসে যা উপার্জন করেন তা অন্য অনেকের চাইতে বহুগুনে ভালো। তবু এই স্বচ্ছলতার মাঝেও স্রেফ নিষিদ্ধ কিছু করবার আনন্দ আর শিহরণটুকু উপভোগ করার জন্যই কি না চার্চের দানবাক্স থেকে টাকা চুরির কাজে নেমেছিলেন প্রবীণ এক সুইস দম্পতি। এ ছাড়া এভাবে তারা তাদের অবসর জীবনের একঘেঁয়েমিটুকু কাটানোর চেষ্টা করছিলেন বলেও জানিয়েছেন সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়া ৭০ ও ৭৩ বছর বয়সী এই দম্পতি। ঘটনার বিবরণে জানা যায়, গেল কিছুদিন ধরেই সুইজারল্যান্ডের লুসার্নের ক্যান্টন শহরের বেশ কিছু চার্চের দানবাক্স থেকে টাকা খোয়া যাওয়ার অভিযোগ আসছিল। এমনিতেই খুব একটা অপরাধ হয় না যে দেশে, সেখানে এই মামুলি বিষয়টিও ভাবিয়ে তুলেছিল পুলিশকে। আর তাদেরই অনুসন্ধানের এক পর্যায়েই বেরিয়ে আসে যে, স্রেফ কোনো দরিদ্র ব্যক্তি বা অভিবাসী নয়, বরং প্রবীণ আর স্বচ্ছল এক দম্পতিই পালাক্রমে একের পর এক চার্চে এই কান্ডটি ঘটিয়ে যাচ্ছেন। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে তারা বলেছেন, সাধারণত স্বামী চার্চের বাইরে দাঁড়িয়ে কেউ চার্চের দিকে আসছে কি না তা পাহারা দিতেন। আর এ সময় স্ত্রী চার্চের ভেতরে দানবাক্স ভেঙে টাকা চুরির কাজটি করতেন। তারা বলেছেন, এ সময় তাদের মধ্যে যে উত্তেজনা ও শিহরণ কাজ করতো সেটা ভীষণভাবে উপভোগ করতেন তারা। এ ছাড়া অবসর জীবনের গত্বাধা রুটিনের বাইরে মজার একটা অভিজ্ঞতাও এভাবে তারা পেতেন।