আলোচনার জন্য নরওয়ে গেছেন ভেনিজুয়েলার সরকার ও বিরোধীরা

রাজনৈতিক সংকট নিরসনে নরওয়ে গেছেন ভেনিজুয়েলার সরকার ও বিরোধী দলের প্রতিনিধিরা। নরওয়ে সরকার জানিয়েছে, আগামী সপ্তাহে অসলোতে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। কয়েক মাসের চেষ্টার পর তাদের আলোচনার টেবিলে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে নরওয়ে সরকার। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, তার শীর্ষ সহযোগী জর্জ রদ্রিগুয়েজ ও হেক্টর রদ্রিগুয়েজ পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজার সঙ্গে যোগ দেবেন। তারা চলতি মাসের শুরুতেই নরওয়ে গেছেন। এছাড়া সরকারের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা ল্যারি ডেভোইও প্রতিনিধি দলে থাকবেন। স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধী নিয়ন্ত্রিত কংগ্রেসের সিনিয়র সদস্য স্টালিন গনজালেজ, গিরারডো বিলিদি এবং সাবেক পরিবহনমন্ত্রী ফার্নান্দো মার্টিনেজ আলোচনায় অংশ নেবেন। -রয়টার্স