সাতকানিয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাংগিয়া গ্রামের সিকদার পাড়া থেকে করিম উল্লাহ্ পাড়া পর্যন্ত সড়কটি স্থানীয় এলাকাবাসী নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করছে। গত এক সপ্তাহ ধরে চলছে এ নির্মাণ কাজ। এলাকার সব পেশার লোক মিলেমিশে আনন্দের সাথে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে গায়ের ঘাম ঝরিয়ে নিরলসভাবে সড়ক মেরামতের কাজ করে যাচ্ছেন। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন লোক কেউ কাটছেন মাটি, অন্যরা বহন করছেন। আবার অনেকে সড়কে দেয়া মাটি সমান করার কাজে ব্যস্ত। বসে নেই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সড়কের মেরামত কাজ সম্পন্ন হলে গারাংগিয়া কেরানী পাড়া, মেউলা পাড়া, প্রচার পাড়া, ভবানীপুর ও আলুর ঘাট এলাকার ১০ হাজার মানুষের চলাচলের দুর্ভোগ কমবে। এ সড়ক দিয়ে এলাকাবাসী ছাড়াও নিয়মিত যাতায়াত করে বড় হাতিয়া মাল পুকুরিয়া মাদ্রাসা, গারাংগিয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ গারাংগিয়া মহিলা মাদ্রাসা, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ, বার আউলিয়া ডিগ্রী কলেজ ও সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এলাকাবাসীর ভোগান্তি নিরসনে এলাকার যুবক মো. বেলাল, দাউদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো. এহসান, নুরুল হক, খলিল ফকির, আজহার উদ্দিন, নাসির উদ্দিন ও মো. রাসেল মিলে এ উদ্যোগ নেন।