মির্জাপুরে সহকারী সেটেলমেন্ট অফিসারসহ ৪জন স্ট্যান্ড রিলিজ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসের চারজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গতকাল শুক্রবার সহকারী সেটেলমেন্ট অফিসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এরা হলেন, সহকারী সেটেলমেন্ট অফিসার অফিসার আব্দুল কাদের, সার্ভেয়ার রেজাউল করিম, পেশকার হাবিবুর রহমান হাবিব এবং অফিস সহকারী ময়েজ। আব্দুল কাদেরকে ঢাকা ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে, সার্ভেয়ার রেজাউল ও পেশকার হাবিবুর রহমান হাবিবকে টাঙ্গাইলের সখীপুরে এবং অফিস সহকারী ময়েজকে টাঙ্গাইলের বাসাইলে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে টাঙ্গাইল জেলা সেটেলমেন্ট অফিসের জোনাল অফিসার মির্জাপুরে সেটেলমেন্ট অফিসে গোপনে পরিদর্শনে এসে দুর্নীতির বাস্তব চিত্র দেখতে পেয়ে তাদেরকে স্টান্ড রিলিজ করেন। স্টান্ড রিলিজ হওয়া সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল কাদেরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বর্তমান সহকারী সেটেলমেন্ট অফিসার এইচ এম জামিল আকতার অভিযোগ অস্বীকার করে বলেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত নয়। টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে স্টান্ড রিলিজ করা হয়েছে।