বরিশাল-৫ আসন উপনির্বাচনে সেনা থাকছে না
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২১:২৬
বরিশাল-৫ সদর আসনের উপ-নির্বাচন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে। তবে এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির সম্মেলন কক্ষে আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে বৈঠকে নির্বাচন কমিশনারগণ, ইসি সচিব ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, নির্বাচনী এলাকায় আইন-শৃংখলা রক্ষায় ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে বলা হয়েছে।
আগামী ১২ জুন এ আসনে উপ-নির্বাচন। চূড়ান্তভাবে দুই প্রার্থী আওয়ামী লীগ মনোনীত জেবুন্নেছা আফরোজ ও বিএনএফ মনোনীত মোঃ সাইফুল ইসলাম লিটন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।