ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সারমারা ও গোপালপুর এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া বুধবারের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বাস করছে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া গ্রামের লোকজনের মাঝে সরকারি ত্রাণ তত্পরতা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের মাঝে বৃহস্পতিবার জামালপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ ব্যক্তিগতভাবে নগদ ২ লাখ টাকা বিতরণ করেন। এ সময় তিনি ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৫ লাখ টাকা প্রদান করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, গত বুধবার প্রচণ্ডবেগে কালবৈশাখী ঝড়ে বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা ও গোপালপুর গ্রামের ৩ শতাধিক পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় ঘর চাপা পড়ে ৩ জন নিহত হয়।