রাঙ্গুনিয়া ও স্বরূপকাঠিতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে ২৪ জন আহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গতকাল শুক্রবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতামূলকভাবে ফুল দেয়ার এক পর্যায়ে চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপি’র দুই পক্ষের ২০ মিনিটের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ ওলি বলেন, বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজনের মাথা ফেটে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, স্বরূপকাঠিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ১০/১২ জন আহত হয়েছে। আহতরা হলো: উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অহিদুজ্জামান মানিক (৪৮), হুমায়ুন (৪৫), হাফিজুল (২০), দুলাল (২০), ইদ্রিস (৪২), আতিক (২৬) আব্দুল্লাহ (১৭)। গতকাল শুক্রবার দিবসটি পালনে উপজেলা বিএনপির আহবায়ক মো. ফকরুল আলমের নেতুৃত্বে এক গ্রুপ এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান মো.ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ও পৌর মেয়র মো.শফিকুল ইসলাম ফরিদের নেতৃত্বে অপর গ্রুপ আলাদা আলাদাভাবে পৌর শহরে শোকর্যালী বের করে। উপজেলা চেয়ারম্যান ও মেয়র গ্রুপের শোকর্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করে।