জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২২:৩১
বিভিন্ন জেলা ও উপজেলায় গতকাল শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম, মিলাদ মাহফিল, শোক র্যালী, স্বেচ্ছায় রক্তদান, গরীব ও সহায়দের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চট্টগ্রাম অফিস \ চট্টগ্রামে আলাদা কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মহানগর, উত্তর, দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এ উপলক্ষে রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পুষপস্তবক অর্পন শেষে বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমান দেশে একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক গোলাম আকবর খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সমপাদক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহবায়ক মো. আসলাম চৌধুরী, মহিউদ্দিন, এসএম ফজলুল হক, ইসহাক কাদের চৌধুরী, নগর জাসাস সভাপতি কাজী আকবর প্রমুখ।
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে হাফেজ সমাবেশ, কোরআন খানি, মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়।
সিলেট অফিস \ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয়তাবাদী কৃষক দল, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার আহবায়ক অ্যাডভোকেট নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক, সাবেক এমপি আবুল কাহের চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সহ সভাপতি নোমান মাহমুদ, বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, এমরান আহমদ চৌধুরী, হুমায়ুন কবির শাহীন প্রমুখ।
রাজশাহী অফিস \ রাজশাহীতে গতকাল শুক্রবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বাদ জুম্মা মিলাদ মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান ও শোক র্যালী অনুষ্ঠিত হয়। ভোরে মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু। এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রতিনিধি \ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ শাহাদত্ বার্ষিকী গাজীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার চান্দনা চৌরাস্তায় বাসন ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান। বাসন ইউনিয়ন বিএনপি’র সভাপতি হযরত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, সহ-সভাপতি আহমদ আলী রুশদী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, যুবদল নেতা এমদাদ খান, আতাউর রহমান।
পিরোজপুর অফিস \ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পৃথকভাবে পিরোজপুর জেলা বিএনপি’র তিন উপ দল পালন করেছে। গতকাল শুক্রবার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক গ্রুপের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, শোক র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরন কর্মসূচী পালন করে। অন্যদিকে, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি সৈয়দ সাব্বির আহমেদের আমন্ত্রনে ও আয়োজনে বিএনপির আরেক গ্রুপ শহরের পুরাতন ঈদগাহে্ কালো ব্যাজ ধারন, আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরন করে। অপরদিকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত এর তত্বাবধানে এবং জেলা যুবদলের কো-আহবায়ক মিজানুর রহমানের আমন্ত্রনে শহরের গোপালকৃষ্ণ টাউনক্লাব মাঠে একই কর্মসূচি পালন করেছে দলের অপর একটি গ্রুপ।
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার উপজেলা, পৌর বিএনপি ও তাদের সহযোগী বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, মিলাদ মাহফিল ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
নোয়াখালী প্রতিনিধি\ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শহর মাইজদীতে শোক শোভাযাত্রা বের করে। পরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি মো. শাহজাহান প্রধান অতিথি ছিলেন।
এছাড়াও মানিকগঞ্জ, সাতক্ষীরা, মেহেরপুর, নীলফামারী, খুলনা, দিনাজপুর, নেত্রকোনা, পিরোজপুরের ভান্ডারিয়া, ফরিদপুরের পাবনা, টাঙ্গাইলের মির্জাপুর, কুষ্টিয়ার ভেড়ামারা, ময়মনসিংহের ভালুকা, পটুয়াখালীর, মীর্জাগঞ্জ, নীলফামারীর সৈয়দপুর, খুলনার কয়রা, দিনাজপুরের ফুলবাড়ি, বিরামপুর, নীলফামারীর ডোমার, নাটোরের বড়াইগ্রাম, মাগুরার মহম্মদপুর, নেত্রকোনার মদন, পাবনার বেড়া, পটুয়াখালীর দুমকি, ফরিদপুরের ভাঙ্গা, টাঙ্গাইলের নাগরপুর, সিরাজগঞ্জের চৌহালী, নেত্রকোনার দুর্গাপুরসহ বিভিন্ন জেলা উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়।