মিয়ানমার সীমান্তে নিহত বিজিবি সদস্যের বাড়িতে আহাজারি
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২২:৩৯
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিহত বিজিবি সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমানের বাড়িতে বইছে শোকের মাতম। নিহতের মরদেহ মিয়ানমার থেকে উদ্ধার করে বাড়িতে এনে দাফনের দাবি জানিয়েছে তার পরিবার।
নিহত মিজানুর রহমান (৪৫) কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট-ভেলানগর গ্রামের শহীদ ল্যান্স নায়েক আব্দুল হাফিজের ছেলে। দাম্পত্য জীবনে তিনি চার কন্যার জনক। শুক্রবার তার বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। মা রাবিয়া খাতুন, স্ত্রী শামীমা আক্তার নিখোঁজ হওয়ার খবরটুকুই জানেন। তাতেই তাদের দিশেহারা অবস্থা। মারা যাওয়ার খবরটি তখন পর্যন্ত দেয়া হয়নি। স্ত্রী শামীমা আক্তার বলেন, শুনেছি মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। কোন খবর পাচ্ছি না। চাচা সুবেদার (অব.) আবুল কাশেম জানান, মিজানুর রহমানের জন্মের পর তার বাবা স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। ১৯৮৮ সালে তত্কালীন বিডিআর-এ (বিজিবি) সৈনিক পদে যোগ দেন তিনি। পরে পদোন্নতি পেয়ে নায়েক সুবেদার হন।
তিনি আরো বলেন, তার মা, স্ত্রী, মেয়ে কেউ এখনো জানেন না মিজান মারা গেছে। তবে আমি পরিবারের পক্ষ থেকে আমার ভাতিজার মরদেহ উদ্ধার করে বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।