জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২২:৪০
নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । এ উপলক্ষে শেরে বাংলা নগরে তার মাজারে ফাতেহা পাঠ, পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা, দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান প্রভৃতি কর্মসূচি পালিত হয়। এই উপলক্ষে দলটি ১৪ দিনের কর্মসূচি হাতে নিয়েছে।
গতকাল সকালে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি পালন শুরু হয়। এ সময় জাতীয় ও কালো পতাকাও উত্তোলন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এ সময় তিনি মাজার প্রাঙ্গণে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ায় শরিক হন। বেগম জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, এনাম আহমেদ চৌধুরী, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
শাহাদাত্বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে মাজারে ভীড় করেন দলের নেতাকর্মীরা। খালেদা জিয়া মাজারে পৌঁছালে সেখানে অপেক্ষমান হাজারো নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায়।
বেগম খালেদা জিয়ার পর জিয়ার মাজারে ঢাকা মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদল, মত্সজীবীদল, জাসাস, জিসাস, ড্যাবসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দেন।
তিনদিনব্যাপী খাবার বিতরণ শুরু
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল তিনি বিএনপি নেতাদের নিয়ে জিয়ার মাজারে ফাতেহা পাঠের পর মানিকমিয়া এভিনিউ এলাকায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু করেন। এরপর রাজধানী উচ্চ বিদ্যালয় সংলগ্ন টিএন্ডটি মাঠ, মোহাম্মদপুর টাউন হল, মোহাম্মদপুর শহীদ পার্ক, ধানমন্ডি শেখ রবিউল আলমের মঞ্চ, কলাবাগানের কুপার্স সংলগ্ন প্রাঙ্গণ, নিউমার্কেট, নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খাবার বিতরণ করেন তিনি। এ সময় সেখানে বিএনপিপন্থি চিকিত্সকদের সংগঠন ড্যাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমও পরিদর্শন করেন।
পরে দুপুর আড়াইটা থেকে শান্তিনগর এলাকায় খাবার বিতরণ কর্মসূচি আবারো শুরু করেন। এরপর মাহবুব আলী মিলনায়তন, মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টার, কমলাপুর আইসিডি টার্মিনাল, সেগুনবাগিচা স্কুল, কচিকাঁচা কমিউনিটি সেন্টার, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, কাপ্তান বাজার সপিং কমপ্লেক্স, নর্থসাউথ রোড মোড়, ধোলাইখাল মোড়, নয়াবাজার পার্টি অফিস, বংশাল বিএনপি অফিসে খাবার বিতরণ করেন।
দিনভর খাবার বিতরণ শেষে সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই খাবার বিতরণ কর্মসূচি আজ শনি ও কাল রবিবারও চলবে । আজ সকাল ১১টায় রাজধানীর উত্তরার হাউজবিল্ডিং এলাকায় আবার তিনি দুস্থদের খাবার বিতরণ করবেন। বিকাল পর্যন্ত চলবে এই কর্মসূচি।