দেশে এসেছে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের লাশ

সৌদি আরবের রিয়াদে শিফা সানাইয়া এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মধ্যে ৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতকাল শুক্রবার সোয়া ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৪টা ২০ মিনিটে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন বিমানবন্দরে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করেন। নিহত ৬ জন হলেন- কুমিল্লার হোমনা উপজেলার চাঁদেরচর গ্রামের সেলিম, কলাগাছিয়া গ্রামের মতিউর রহমান, তিতাস উপজেলার দুলারামপুর গ্রামের জালাল, একই উপজেলার কালিপুর গ্রামের শাহ আলম, ফেনীর জাকির হোসেন ও মাদারীপুরের মো. আক্কাস। লাশ হস্তান্তরের সময় বিমানবন্দরে আসা স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের কান্না আর আর্তনাদে বিমানবন্দরের পরিবেশ ভারী হয়ে ওঠে। লাশগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর নিহতদের পরিবারের কাছে ওয়েজ আর্নার্স কল্যাণ বন্ডের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে লাশ বহন ও দাফনের জন্য দেয়া হয়। এছাড়া পরবর্তী ধাপে প্রতি পরিবারকে ৩ লাখ টাকা করে দেয়া হবে বলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান। সৌদি আরবে রিয়াদের শিফা সানাইয়া এলাকায় অবস্থিত ‘তিতাস ফার্নিচার’ নামের সোফা তৈরির একটি কারখানায় গত ১২ মে আগুন লাগলে উল্লিখিত ৬ জনসহ মোট ৯ জন বাংলাদেশি মারা যান। নিহত বাকি ৩ জন গাফফার, নাজির ওরফে মিজান এবং বাহাউদ্দিনের বৈধ কাগজপত্র না পাওয়ার কারণে লাশ পাঠাতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। তবে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান জানান, বাকি ৩ জনের লাশও দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্বল্প সময়ের মধ্যে তাদের লাশ দেশে পাঠানো সম্ভব হবে। ৪ শ্রমিকের লাশ দাফন হবে আজ কুমিল্লা প্রতিনিধি:সৌদি আরবে এক সোফা ফ্যাক্টরিতে গত ১২ মে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত কুমিল্লার ৭ জন শ্রমিকের মধ্যে ৪ জনের লাশ গতকাল রাত সাড়ে ৭টায় তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে। আজ শনিবার নিহতদের মরদেহ দাফন করা হবে বলে স্থানীয় প্রশাসন ও পারিবারিক সূত্রে জানা যায়।