নিজাম হাজারীকে গ্রেফতারের দাবিতে ফুলগাজীতে বিক্ষোভ

জেলার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। উপজেলা নির্বাহী অফিসারের অফিস গত বৃহস্পতিবার সকালে ঘেরাও করে শত শত নেতা-কর্মী বিক্ষোভ প্রদর্শনসহ ইউএনও-কে স্মারকলিপি প্রদান করে। এ সময় গাছের গুঁড়ি ফেলে ফেনী-পরশুরাম সড়ক আবরোধ করে রাখে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। বিক্ষোভ সমাবেশে আগামী সোমবার ফুলগাজী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালসহ ৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। পরশুরাম (ফেনী) সংবাদদাতা জানান, জেলায় নিহত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম স্মরণে গতকাল শুক্রবার উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ ৬ দিনের কর্মসূচির অংশ হিসাবে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে ফুলগাজী, মুন্সিরহাট, জি.এম.হাট, দরবারপুর, আমজাদহাট ও আনন্দপুর ইউনিয়নের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লী অংশগ্রহণ করেন।