৭ রেসকোর্সের বাসিন্দা হলেন মোদী
তারিক হাসান, কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০১৪, ২২:৪৪
গৃহপ্রবেশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে রাজধানী দিল্লির ৭ রেসকোর্স রোডের প্রধানমন্ত্রীর বাসভবনে বিনা আড়ম্বরে প্রবেশ করেন তিনি। তবে তাঁর পূর্বসূরীদের মতো ৭ নম্বর বাংলোতে নয়, মোদী থাকবেন ৫ নম্বর বাংলোয়। ৭ নম্বর বাংলোকে তিনি অফিস হিসেবেই ব্যবহার করবেন।
যদিও অন্দরমহলে বিন্দুমাত্র রদবদলের হুকুম আসেনি প্রধানমন্ত্রীর তরফ থেকে। বিলাসিতা একেবারেই না পছন্দ নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহেই বাসভবন ছেড়ে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। অন্দরমহলে রদবদল বলতে প্রয়োজন হয়েছে শুধুমাত্র নতুন রঙের এবং পর্দার। তা ছাড়া আর কোন রকম পরিবর্তনের প্রয়োজন পড়েনি।
ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টের (যেখান থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্যে আর্টওয়র্ক আসে) এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত রেসকোর্স রোড থেকে নতুন আর্টওয়র্কের কোন অনুরোধ আসেনি। উল্লেখ্য, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তাঁর বাসভবন ছিল খুবই ছিমছাম। একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া বাড়তি কোন আয়োজন ছিল না সেখানেও।
জীবনী পড়ানো হবে না
গুজরাটের স্কুলে
খোদ নরেন্দ্র মোদী চান না, তাই তাঁর জীবনী পড়ানো হবে না গুজরাটে। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাট সরকার সিদ্ধান্ত নিয়েছিল তাঁর জীবনী পড়ানো হবে রাজ্যের প্রাথমিক স্কুল পড়ুয়াদের। কিন্তু বাঁধ সেধেছেন খোদ মোদী।
গুজরাটসহ দেশের বেশ কয়েকটি রাজ্য স্থির করেছিল তাদের স্কুলের প্রাথমিক স্তরের পাঠ্যসূচিতে নরেন্দ্র মোদীর জীবনী অন্তর্ভুক্ত করবে। কিন্তু শুক্রবার সকালে টুইটারে তিনি তাঁর বক্তব্য টুইট করে জানিয়ে বলেন, তিনি মনে করেন, কোন জীবিত মানুষের জীবনী কোথাও কোন স্কুলের পাঠ্যক্রমে থাকা উচিত নয়।