গল্প নয় সত্যি
কবিতা বাঁচাবে রেলের ভাড়া!
প্রকাশ : ৩১ মে ২০১৪, ১৯:৩৮
প্রায় প্রতিটি দেশই তার জাতীয় কবি বা তার ভাষার বড় কবি সাহিত্যিকদের বিশেষ সম্মান দিয়ে থাকে। এমনকি এসব কবি কিংবা সাহিত্যিকের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বড় ধরনের আয়োজন করার দৃষ্টান্তও বিরল নয়। তবে সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহর কর্তৃপক্ষ যে কাণ্ডটি ঘটিয়েছেন তার তুলনা দ্বিতীয়টি নেই। রাশিয়ার জাতীয় কবি হিসেবে বিবেচিত পুশকিনের ২১৫তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই শহরটি পাতালরেলের যাত্রীদের জন্য অভিনব এক অফার দিয়েছে। আগামী ক’দিন যেসব যাত্রী স্টেশনে ঢোকার আগে পুশকিনের কমপক্ষে দু’টি কবিতা মুখস্ত আবৃত্তি করতে পারবেন তাদেরকেই দেওয়া হবে বিনামূল্যে পাতাল রেল ভ্রমণের সুযোগ। আর যাত্রীরা ঠিকঠাকমতো কবিতা বলতে পারছেন কি না তা যাচাই করার জন্য ইতোমধ্যেই স্বেচ্ছাসেবক হিসেবে স্টেশনগুলোর প্রবেশপথে দায়িত্ব পালনের ভার অর্পণ করা হয়েছে একাধিক শিক্ষক, গ্রন্থাগারিক, ছাত্রছাত্রৗ এবং পুশকিনের কবিতা জানে এমন শিশুদেরও। উল্লেখ্য, রাশিয়ার ভাষা ও সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে স্বীকৃত পুশকিনের ২১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৬ জুন নোভোসিবিরিস্কে বড় একটি উত্সবের আয়োজন করা হয়েছে যেখানে তার নামে গুরুত্বপূর্ণ একটি সড়কও রয়েছে। এ ছাড়া রাশিয়ার আধুনিক সাহিত্যের পথিকৃত্ হিসেবে স্বীকৃত এই সাহিত্যিকের নামের রাশিয়ার বহু শহরেই সড়ক বা স্থাপনার নাম রয়েছে এবং তার একাধিক সাহিত্যকর্ম স্কুলের পাঠ্যসূচীতেও অন্তর্ভূক্ত।