সংবাদ কণিকা
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২১:৪৮
চীনে ভূমিকম্প, আহত-২৯
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মিয়ানমার সীমান্তে শুক্রবার সকালে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় ২৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। চীনে টুইটারের বিকল্প সামাজিক যোগাযোগ মাধ্যম সাইনো ওয়েইবোতে অনেক লোক জানান, ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল ছয় থেকে আট সেকেন্ড। দুর্গত এলাকায় উদ্ধার, জরিপ, তদন্ত ও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য অর্ধ শতাধিক ত্রাণকর্মী পাঠানো হয়েছে। —সিনহুয়া
এভারেস্ট জয়ে হেলিকপ্টার ব্যবহারের অভিযোগ
চলতি মৌসুমে বিশ্বের সর্বোচ্চ পর্বত শিখর এভারেস্ট জয় করার একক দাবিদার এক চীনা নারীর বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ মৌসুমে তিনি নেপালের দিক থেকে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন। মঙ্গলবার নেপালের পর্যটন মন্ত্রণালয় ওয়াঙ জিং নামের ৪০ বছর বয়সী ঐ নারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করার কথা জানিয়েছে। শুক্রবার ওয়াঙ ঐ পর্বত শিখরে আরোহণ করেন। —রয়টার্স
পাকিস্তানে পোলিওর প্রাদুর্ভাব
পাকিস্তানের কিছু কিছু অঞ্চলে এমন দ্রুত পোলিও ছড়াচ্ছে যে এই রোগ নিয়ন্ত্রণে অনেকটা চ্যালেঞ্জের মুখেই পড়েছে দেশটির সরকার। শুধু ২০১৪ সালেই ৬৭ জন পোলিওতে আক্রান্ত হয়েছে বলে খবরে জানা যাচ্ছে। এই পটভূমিতে বিশ্বস্বাস্থ্য সংস্থা পাকিস্তানের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে। যারাই দেশ ছাড়বে তাদের পোলিও টিকা নিয়ে দেশ ছাড়তে হবে। —বিবিসি