উজিরপুরে এএসআইসহ দুর্ঘটনায় নিহত সাত
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২২:১৭
বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় এক এএসআইসহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় সাতজন নিহত ও ৫৩ জন আহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
উজিরপুরে এএসআই নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় গতকাল শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেজর এম এ জলিল সেতুর ঢালে পড়ে মোখলেছুর রহমান (৫০) নামে এক এএসআই নিহত ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবসহ ১০ যাত্রী আহত হয়েছেন। নিহত এএসআই বাটাজোর ক্যাম্পের ইনচার্জ। আহতরা হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব রনজিত্ কুমার, ঈগল পরিবহনের চালক আ. খালেক, সুপারভাইজার রাজু বৈরাগী, জেসমিন, আবু বক্কর, সুরাইয়া ও রাজুসহ ১০ যাত্রী। আহতদের উজিরপুর ও বরিশাল শেরেবাংলা নগর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হলে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন এবং উজিরপুর মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালসহ রাজনৈতিক নেতৃবৃন্দ আহতদেরকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
মিঠাপুকুরে ট্রাক চালক নিহত
রংপুরের মিঠাপুকুরে গতকাল শনিবার সকালে বাস-ট্রাক সংঘর্ষে মালেক (৩৫) নামে এক ট্রাক ড্রাইভার নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস দমদমায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে গতকাল শনিবার সকালে যাত্রীবাহী বাস উল্টে সাজেদা আক্তার (২২) নামে এক নারী নিহত ও শিশুসহ ২৮ জন আহত হয়েছেন। রাঙ্গামাটির সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা হতাহতদের উদ্ধার করে। আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মান্দায় একজনের আত্মহত্যা
নওগাঁর মান্দা উপজেলায় গত শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে সূর্য (৩৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন। মান্দা থানা ও এলাকাবাসী জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর উপর অভিমান করে সূর্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সুজানগরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
পাবনার সুজানগরে গতকাল শনিবার দুপুরে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নিজের প্রিয় ফুটবল দল ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছ থেকে পড়ে রবিউল ইসলাম (২৪) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিউল বাড়ি সংলগ্ন একটি গাছের উঁচু ডালে ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছ থেকে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবালয়ে স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদুয়ারা গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় টুটুল (১৩) নামে এক স্কুল ছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তেওতা গ্রামের হোসেন আলীর পুত্র সুজন গত ২৩ মে টুটুলকে বাড়ি থেকে ডেকে নেন। নিখোঁজের ৭ দিন পর তেওতা জমিদার বাড়ির পরিত্যক্ত ভবনের সিঁড়ির নিচ থেকে বাম পা বিচ্ছিন্ন, গলা-পুরুষাঙ্গ কাটা ও বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার হয়। এ ঘটনার পর থেকে সুজন ও চা দোকানদার লিটন পলাতক।
ফরিদগঞ্জে ট্রাক হেলপার নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় গতকাল শনিবার ভোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. রুবেল (২২) নামে ট্রাকের হেলপার নিহত ও ট্রাক চালক আহত হন। আহত চালককে চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফরিদগঞ্জ থানার এসআই মো. নিজাম নিহত রুবেলের লাশ ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।