গুমের বিরুদ্ধে সিলেট নগরীতে শোভাযাত্রা

গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার সিলেট নগরীতে একটি শোভাযাত্রা বের করা হয়। সকালে অধিকারের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া র্যালি পরে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ হয়। সমাবেশে অধিকারের সিলেট অঞ্চলের সমন্বয়ক মুহিবুর রহমান বলেন, ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত সারাবিশ্বে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসাবে সিলেটে এ র্যালির আয়োজন করা হয়। বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সাল থেকে এ দেশের গুমের ঘটনা ঘটছে। সে সময় জহির রায়হান গুম হয়েছিলেন। বর্তমানেও এ প্রবণতা থেমে নেই। সিলেটের বিএনপি নেতা এম ইলিয়াস আলী, তার গাড়ি চালক আনসার উদ্দিন এমনকি সর্বশেষ যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব গুম হয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে গুম মারাত্মক অপরাধ। সভাপতির বক্তব্যে অধিকারের উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই,ইউ শহীদুল ইসলাম শাহীন বলেন, আমরা সকল ধরনের গুমের বিপক্ষে।