মনপুরার নৌরুটে যাত্রীবাহী সী-ট্রাক চালু

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা-তজুমদ্দিন নৌরুটের যাত্রীবাহী সী-ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ ২৫ দিন বন্ধ থাকার পর ৩১ মে চালু হয়েছে। সি-ট্রাকটি চালু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যাত্রীরা আশংকা করছেন আবার কবে বন্ধ হয়ে যাবে মনপুরার সাথে অন্য উপজেলা বা জেলার নৌপথের যোগাযোগ। যাত্রীরা দ্রুত এই রুটে নতুন একটি সি-ট্রাক চালু করার দাবি জানিয়েছেন। ৬ মে থেকে যান্ত্রিক ত্রুটির কারণে সি-ট্রাকটি একটানা ২৫ দিন বন্ধ থাকার পর ৩১ মে থেকে আবার নৌ-রুটে যাত্রীবাহী সি-ট্রাকটি চালু হয়। সি-ট্রাক মাস্টার আলী আক্কাস বলেন, এস.টি শহীদ শেখ জামাল সি-ট্রাকটির ইঞ্জিনের নতুন যন্ত্রাংশ ঢাকা থেকে এনে লাগানো হয়েছে। তজুমুদ্দিন থেকে বিকাল ৩টায় যাত্রী নিয়ে সি-ট্রাক মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে তিনি নিশ্চিত করেন।