কাউখালীর পাঁচটি খাদ্য গুদাম হুমকির মুখে
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২২:৩২
সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনে কাউখালীর ৫টি খাদ্যগুদাম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সামনের জেটি ও রাস্তা ইতিমধ্যে সন্ধ্যায় বিলীন হয়েছে। ভেঙে পড়েছে সীমানা প্রাচীর। গুদামগুলো নদী গহ্বরে বিলীন হওয়ার আশংকা করছে এলাকাবাসী। অপরদিকে স্টাফদের বাসভবনগুলোও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আতংকে কাটছে কর্মচারীদের রাত।
সরেজমিনে দেখা যায় ষাটের দশকে সাড়ে তিন একর ভূমির ওপর গোড়াপত্তন হয় কাউখালী খাদ্যগুদামের। ঐ সময় ৪টি গুদাম ও স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হয়। স্বাধীনতার পর আরো ১টি গুদাম নির্মাণ করা হয়। নির্মাণ করা হয় মসজিদ, নিরাপত্তা বেষ্টনী ও জেটি। সন্ধ্যা নদীর ভাঙন শুরু হলে একে একে বিভিন্ন স্থান ভেঙে নদীর গতিপথ পরিবর্তন হয়ে আঘাত আসে কাউখালী ষ্টীমার ঘাট, লঞ্চ ঘাট, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা, আশোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেরি ঘাটসহ খাদ্যগুদাম এলাকায়। খাদ্যগুদামের দীর্ঘ দেয়ালের বেশিরভাগ অংশসহ জেটি ও সম্মুখের রাস্তা ইতিমধ্যে বিলীন হয়েছে। এছাড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ও সিএলএসডি), কোয়ার্টার স্টাফকোয়ার্টার, লেবার শেড দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অফিসাররা অন্যত্র বাসা ভাড়া নিতে পারলেও পাহারাদাররা মানবেতর জীবনযাপন করছেন।
কাউখালী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, একটি গুদাম ইতিমধ্যে অকেজো হয়ে গেছে। যা ভেঙ্গে ফেলা জরুরি। স্টাফ কোয়ার্টারের বিষয়টিও জরুরি। কারণ পাহারাদারদের অবশ্যই গুদাম এলাকায় অবস্থান করতে হয়। এসব ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বার বার চিঠি দেয়া হচ্ছে। শোনা যাচ্ছে অকেজো গুদাম ভেঙ্গে ফেলার কার্যক্রম শুরু হয়েছে। স্টাফদের ব্যাপারে কোন ব্যবস্থা হচ্ছে না। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেয়ার পাশাপাশি স্টাফ কোয়ার্টার ও লেবার শেড নির্মাণ করা প্রয়োজন।