চুয়েটে নগর ও অঞ্চল পরিকল্পনা দিবস আজ বর্ণাঢ্য আয়োজন
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২২:৩২
সুচিন্তিত নগর পরিকল্পনার মাধ্যমেই একটি শহর বাসযোগ্য হয়ে উঠতে পারে। আর তাই ‘বাসযোগ্য বাংলাদেশের জন্য নগর পরিকল্পনা’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ দিনব্যাপী পালিত হবে নগর ও অঞ্চল পরিকল্পনা দিবস। নগরায়ণ নিয়ে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধান খোঁজার লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে এই দিবসটির আয়োজন করেছে চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
আজ সকালে শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। শোভাযাত্রার পরপরই রয়েছে পরিকল্পিত নগরায়ণ নিয়ে আলোচনা সভা, পরিকল্পিত চট্টগ্রাম ও প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক, বিভাগটির প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, স্মৃতিচারণ পর্ব, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ইত্যাদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সম্পাদক ড. আখতার মাহমুদসহ আরো অনেকে।
বিভাগীয় প্রধান সুলতান মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে উক্ত গোলটেবিল বৈঠকে দেশ বরেণ্য পরিকল্পনাবিদ, অধ্যাপকসহ বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন বলে জানান বিভাগটির সহকারী অধ্যাপক মো. রাশিদুল হাসান উদয়।