ঝিনাইদহে ছাত্রদল নেতা ৬ দিন ধরে নিখোঁজ

ঝিনাইদহ সদর থানা ছাত্রদলের সদস্য ও পাগলাকানাই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন (১৮) ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের মনিরুদ্দিন মোল্লার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, ইলিয়াস হোসেন গত সোমবার সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হন। তারপর থেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাতে খবর পেয়ে তার বাবাকে থানায় ডেকে এনে এমর্মে জিডি করানো হয়। তিনি আরো জানান, মঙ্গলবার স্থানীয় লোকজন রাজাপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার ব্যবহূত বাইসাইকেল, ২টি মোবাইল ফোন সেট ও স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। নিখোঁজ ইলিয়াসের মোবাইল কল লিস্ট দেখে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে ওসি জানান।