সৌদিতে দগ্ধ কুমিল্লার ৪ শ্রমিকের দাফন সম্পন্ন
কুমিল্লা প্রতিনিধি ও হোমনা সংবাদদাতা
প্রকাশ : ৩১ মে ২০১৪, ২৩:০৩
সৌদি আরবের রিয়াদে একটি সোফা ফ্যাক্টরিতে গত ১২ মে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার ৪ শ্রমিকের লাশ গতকাল শনিবার জেলার হোমনা ও তিতাস উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। নিহত ৪ জন হলেন- তিতাস উপজেলার দুলারামপুর গ্রামের হাজী রুস্তম আলীর পুত্র মো. শাহজালাল (৩৬), কালিপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র মো. শাহআলম (৩৬), হোমনা উপজেলার চান্দেরচর গ্রামের রমজান আলীর পুত্র মো. সেলিম (৩৫) এবং কলাগাছিয়া গ্রামের আবদুল করিমের পুত্র মো. মতিউর রহমান (৩৩)। ৪ শ্রমিকের জানাজায় হাজারো মানুষের ঢল নামে।
গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ৪ জনের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজন ও এলাকাবাসীর কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। এসময় নিহতদের বাড়িতে শত শত লোক ভিড় জমায়। পরিবারের সদস্যরা জানান, সৌদিতে নিহতদের বেশিরভাগ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের পাঠানো অর্থে সংসার চলতো। এদের কেউ কে্্্উ সেখানে গিয়েছিলেন চড়া সুদে টাকা ধার করে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, নিহত ৪ জনের লাশ দাফন করা হয়েছে। আরও ৩ জনের লাশ সহসাই দেশে আনা হবে। নিহতদের ক্ষতিপূরণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা চলছে।
সেনবাগের গ্রামের বাড়িতে
জাকিরের দাফন
সেনবাগ (নোয়াখালী) সংবাদ-দাতা জানান, সৌদি আরবের রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি ৯ শ্রমিকদের মধ্যে মো. জাকির হোসেনের (৪৮) লাশ গত শুক্রবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার মাহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের বাড়িতে এসে পৌঁছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পার্শ্ববর্তী মাঠে জানাজা শেষে তার বাবা সাহাব উল্যার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।