পুঠিয়ায় ঘূর্ণিঝড়ে ৮ গ্রাম লণ্ডভণ্ড

উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে গতকাল শনিবার ভোর সাড়ে ছয়টায় শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে ৮টি গ্রাম লণ্ডভণ্ড হলে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়। শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, অনেকেই তখনো ঘুম হতে উঠেনি। পশ্চিম আকাশে রক্তিম মেঘ ছুটে আসতে দেখে মানুষ। কিছু বুঝে উঠার পূর্বেই প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড়টি ৮টি গ্রামে আঘাত হানে। মুহূর্তেই ভেঙ্গে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি, কাঁচা ঘরবাড়ি। দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতির স্বীকার হয়। ক্ষেতের ভুট্টা গাছ মাটির সঙ্গে মিশে যায়। ইউনিয়নের শিলমাড়িয়া, ছাতারপাড়া, রাতোয়াল, নান্দিপাড়া, পচামাড়িয়া, শুকপাড়া, পমপাড়া, সাতঘোষপাড়াসহ ৮টি গ্রামের গাছের আম ঝরে পড়ে। বিধ্বস্ত হয় গ্রামের দেড় শতাধিক পানবরজ। গাছপালা ভেঙ্গে পড়লে উপজেলা সদরের সাথে এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ায় এলাকা বিদ্যুিবহীন হয়ে যায়। কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।