জাপানে এক জোড়া রয়েল বেঙ্গল টাইগার পাঠাবেন প্রধানমন্ত্রী

বন্ধুত্বের প্রতীক হিসাবে জাপানকে এক জোড়া রয়েল বেঙ্গল টাইগার উপহার পাঠাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার জাপান সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবেকে এই উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন। গতকাল শনিবার বিকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে জাপান সফরোত্তর এক সংবাদ সম্মেলনে একথা জানান। শেখ হাসিনা বলেন, ‘আমি বন্ধুত্বের প্রতীক হিসাবে জাপানে এক জোড়া রয়েল বেঙ্গল টাইগার পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছি, যাতে জাপানের জনগণ, বিশেষ করে শিশুরা বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে।’ প্রসঙ্গত, ২৫ থেকে ২৮ মে চারদিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী। সফর শেষে ২৯ মে তিনি দেশে ফেরেন। গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই শেখ হাসিনার সরকারিভাবে প্রথম জাপান সফর।